খাবার দিতে দেরি, ভাবিকে হত্যা করে বিচ্ছিন্ন মাথা গাছে ঝুলালেন যুবক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলায় এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, খাবার দিতে দেরি হওয়ায় নিজের ভাবিকে কুড়াল দিয়ে হত্যা করে তার বিচ্ছিন্ন মাথা বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখেন এক যুবক।
স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি জেহানাবাদের পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে ঘটেছে। নিহত অংশু দেবীর বয়স ২৫ বছর। তিনি ধর্মেন্দ্র কুমারের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত কুনাল কুমার মাদকাসক্ত। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গেলে অংশু দেবী বাড়িতে একাই ছিলেন। এ সময় কুনাল বাড়িতে ফিরে খাবার চান। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে অংশু দেবীর ওপর হামলা চালান। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর পালিয়ে না গিয়ে অভিযুক্ত আশপাশেই অবস্থান করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে গ্রামবাসীরা ঘটনাটি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করেছে। এ ঘটনায় অভিযুক্ত কুনাল কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।