দুবাই এয়ার শো'তে ভারতের 'তেজস' যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য দুবাই এয়ার শোতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় নির্মাতা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড- হ্যালের তৈরি যুদ্ধবিমানটি আকাশে ওঠার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গত দুই দশকের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার বিধ্বস্ত হলো তেজস সিরিজের কোনো বিমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আকাশে টালমাটাল অবস্থায় থাকা একটি যুদ্ধবিমান হঠাৎ নিচে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে এবং ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিমানবন্দরের চারপাশ।
ভারতীয় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে পরিচিত ‘তেজস’ একক ইঞ্জিনচালিত ও দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এর আধুনিক সংস্করণ ‘তেজস মার্ক–১এ’ বর্তমানে নাসিকের হ্যাল কারখানায় তৈরি হচ্ছে। আকাশ থেকে আকাশ কিংবা আকাশ থেকে ভূমি—দুই ধরনের হামলা চালানোর সক্ষমতা রয়েছে এ মডেলে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সেটি ছিল সিরিজটির প্রথম দুর্ঘটনা, যেখানে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছিলেন।