ভারতের সঙ্গে নতুন সামরিক চুক্তি অনুমোদন করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে। এ চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের দেশে গিয়ে লজিস্টিক্যাল সাপোর্ট নিতে পারবে এবং সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে।
ভারতে দুদিনের সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি। সফরের সময় সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার যে সহায়তা থাকবে, তা নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায় তার ওপর।
চুক্তি অনুযায়ী, ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট’ বা ‘রেলোস’ চুক্তি ১৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। এরপর ২ ডিসেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট ড্যুমা’ এ চুক্তি অনুমোদন করে।
‘স্টেট ড্যুমা’র স্পিকার ভ্যাচেস্লাভ ভোলেদিন সভার শুরুতে বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ‘সার্বিক এবং কৌশলগত’। তিনি উল্লেখ করেন, রাশিয়া এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়।