মেজর সিনহার পাজরে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসই ছিলেন মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খান হত্যার মূল পরিকল্পনাকারী। ঘটনার সময় তিনি সিনহার বুকের বাম পাজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেন।
মেজর সিনহার হত্যা মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। ৩৭৮ পাতার পূর্ণাঙ্গ রায় রোববার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
হাইকোর্টের রায়ে আরও বলা হয়েছে, টেকনাফ থানার বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর (এসআই) লিয়াকত আলী তার হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে মেজর সিনহার শরীরের উপরের দিকে চারটি গুলি চালান।
এর আগে, হত্যার দায়ে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগির হোসেনের রায়ে পূর্ণাঙ্গ অনুলিপি সাক্ষর শেষে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর সিনহার হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। মেজর (অব.) সিনহা ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন।