সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর সদস্য এবং শহীদদের স্বজনরা অংশ নেন।
জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদ সেনাদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তিন বাহিনীর পক্ষ থেকেও আলাদা করে সম্মান জানানো হয়। এরপর হেলিকপ্টারযোগে শহীদ সেনাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়।
জানাজার আগে নিহত সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিহত ছয় শান্তিরক্ষী হলেন— নাটোরের বাসিন্দা করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর বাসিন্দা সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরও নয়জন সেনাসদস্য আহত হন।