ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছে বাংলাদেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় এ বিষয়ে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের পর ক্ষমতা হারানো ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে বসে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই ধরনের বক্তব্য দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার চেষ্টায় সহিংসতার উসকানি দিতে পারে।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে শেখ হাসিনার রেকর্ড করা অডিও ভাষণ শোনা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন এবং পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে: জাতিসংঘের মাধ্যমে গত বছরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাস, সংখ্যালঘুদের ওপর হামলা এবং বিরোধী দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লিতে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন আয়োজন পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে। এছাড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তা কার্যকর হয়নি। বরং তাকে ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করেছে, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং প্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্টদের ওপর বর্তাবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970