ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগের জন্য রাজধানী ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে গ্রামমুখী মানুষের ঢলে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকেই কমলাপুর স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচেপড়া ভিড়। ট্রেন ধরতে আসা মানুষের চোখেমুখে ছিল আনন্দ ও প্রত্যাশার ছাপ। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা করতে করতে বাড়ি ফিরছেন তারা। অনেকের কাছেই এই যাত্রা ঈদে বাড়ি ফেরার অনুভূতির সঙ্গে মিলছে।
বাসের টিকিট সংকটের কারণে বেশিরভাগ যাত্রী ট্রেনকেই বেছে নিয়েছেন। তবে ট্রেনে আসনসংকট থাকায় অনেক যাত্রী দাঁড়িয়ে কিংবা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করেই গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, একাধিক ট্রেন নির্ধারিত আসন পূর্ণ থাকার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। ভেতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের ছাদে উঠছেন। ঝুঁকি থাকলেও ভোট দিতে বাড়ি ফেরার আগ্রহই বেশি বলে জানান যাত্রীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, যাত্রীদের ছাদে উঠতে বারবার নিষেধ করা হচ্ছে। কিন্তু ভোটকে কেন্দ্র করে যাত্রীর চাপ এত বেশি যে সবাইকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই ভোটের কথা বলে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন। মানবিক বিবেচনায় কিছু ক্ষেত্রে ছাড় দিতে হচ্ছে।
ভোট নিয়ে উৎসবের আমেজ:
ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে যাচ্ছেন আরিফা দম্পতি। রাজধানীর যাত্রাবাড়ীতে তাদের একটি ফার্মেসি রয়েছে। আরিফা বলেন, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দোকানের কাজও কম, তাই ভোট দিতে গ্রামে যাচ্ছি। এবার প্রথমবার ভোট দেবো—এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কমলাপুরে এসে দেখছি আমার মতো শত শত মানুষ একই উদ্দেশ্যে ছুটছে, সত্যিই ঈদের মতো লাগছে।
কুষ্টিয়ার উদ্দেশে রওনা হওয়া শহিদুল ইসলাম বলেন, এবারের নির্বাচন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ। আমরা চার বন্ধু প্রথমবার ভোট দিতে যাচ্ছি। তরুণদের জন্য এটি বড় সুযোগ।
খুলনায় যাচ্ছেন বিথীকা মজুমদার। স্বামী ও সন্তানদের সঙ্গে ভোট দিতে বাড়ি ফিরছেন তিনি। বিথীকা জানান, প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন থাকবে শুনে ভোট সুষ্ঠু হওয়ার আশা করছেন। নানা কারণে আগে ভোট দিতে পারেননি, এবার সুযোগ হাতছাড়া করতে চান না। ভোট দিয়ে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আসবেন বলেও জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে যাত্রীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত কোচ সংযোজনসহ বিশেষ ব্যবস্থার চেষ্টা করা হলেও ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে।
সব মিলিয়ে ভোটের টানে গ্রামে ফেরা মানুষের ঢল রাজধানীতে তৈরি করেছে ভিন্ন এক চিত্র। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভোটাধিকার প্রয়োগের আগ্রহে মুখর হয়ে উঠেছে কমলাপুরসহ দেশের বিভিন্ন টার্মিনাল।