দিল্লিতে ফের ভিসা কার্যক্রম চালু, ভারতীয়দের সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। হাইকমিশন সূত্রে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা স্বাভাবিকভাবে চালু হয়েছে।
এর আগের দিন ভারতের পক্ষ থেকেও জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। ওই ঘটনার পর ঢাকায় বিভিন্ন স্থানে হামলা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে।
পরবর্তীতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করা হয়। পাল্টা হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলায় নিজেদের মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে। ফল ঘোষণার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ও হয়।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানো হলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন ওম বিড়লা।
এদিকে সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের জানান, ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে। তার ঘোষণার একদিন পরই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু হলো।