ইয়ং জেনারেশন ‘ইনকিলাব’ নিয়ে গর্ব করে, আমার রক্তক্ষরণ হয়: বিদ্যুৎমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “যেখানে নতুন প্রজন্ম ‘ইনকিলাব’ নিয়ে গর্ব করে, সেখানে আমার রক্তক্ষরণ হয়। আমাদের ছেলেরা এমন কাজ করছে যেগুলো বাংলার ইতিহাসের বিপরীতে।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, “আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দিতে এবং সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু এখন সমাজ উল্টোপথে যাচ্ছে। আমরা চব্বিশের গণঅভ্যুত্থানের পরও আমাদের ভাষা সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছি। যে জাতি নিজের ইতিহাস জানে না, সেই জাতি কখনো উন্নয়ন করতে পারবে না।”
ইকবাল হাসান মাহমুদ টুকু কৃষি ও শিল্প সম্পর্কেও মন্তব্য করেন, “অনেকে বলে শিল্পকারখানা দিয়ে দেশ ভরে দিতে হবে। কিন্তু জমি কোথা থেকে আসবে? কৃষি ধ্বংস হলে আমরা অন্য জিনিসের ওপর নির্ভরশীল হব। তাই ভারসাম্য বজায় রাখা জরুরি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
আলোচনা সভার শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।