দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনের দুই সদস্য মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ আহ্সান ফরিদও তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর দুইটার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এক কমিশনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকালে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। তবে সকাল থেকেই পুরো কার্যালয়জুড়ে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায়। কিছু সময় পর তিনি সেখান থেকে বের হয়ে আসেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমেনের নেতৃত্বে এই কমিশন দায়িত্ব গ্রহণ করে।
কর্মজীবনে আবদুল মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুগ্মসচিব থাকা অবস্থায় ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।