ঈদের ছুটি আরও বাড়তে পারে, প্রস্তাব মন্ত্রিপরিষদে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই ছুটি আরও বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ছুটি বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। বৈঠক থেকেই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এখন ছুটি আরও বাড়ানো হবে কি না, তা নির্ভর করছে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর।