১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

সারা দেশে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৬ মার্চ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, নির্বাচিত সরকারের নেওয়া এই কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে একযোগে শুরু হবে এবং দিনাজপুরের সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ), দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মূসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, সাহাপাড়া খাল পুনঃখনন হলে দীর্ঘদিনের জনদাবি পূরণ হবে এবং এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে। এই অঞ্চলে প্রায়ই জলাবদ্ধতা দেখা দেয়। খালটি খনন করা হলে জলাবদ্ধতা কমবে এবং সেচব্যবস্থার মাধ্যমে কৃষিজমিতে পানি পৌঁছানো সহজ হবে। এতে কৃষি উৎপাদনও বাড়বে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, খাল খনন কর্মসূচি একসময় তাঁর উদ্যোগেই আন্দোলনের রূপ নিয়েছিল। দেশের কৃষি ও অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। প্রায় সোয়া ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খালটি পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পুনঃখনন করা হচ্ছে এবং উদ্বোধনী কর্মসূচি দেশব্যাপী একযোগে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে খাল ও নদীর বিভিন্ন স্থানে পলি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও অবৈধভাবে দোকানপাট ও বসতবাড়িও গড়ে উঠেছে। এসব বাধা দূর করে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খাল পুনঃখনন অত্যন্ত জরুরি। এই কর্মসূচি বাস্তবায়িত হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত অনেক উদ্যোগ পূর্ণতা পাবে এবং কৃষি উৎপাদন বাড়ার মাধ্যমে দেশবাসী উপকৃত হবে।

খননকাজে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না বলেও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত ও জনবান্ধব সরকার। অতীতে বিভিন্ন প্রকল্পে যে ধরনের বড় দুর্নীতির ঘটনা ঘটেছিল, তা বিবেচনায় রেখে এই কর্মসূচি নিবিড়ভাবে তদারকি করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970