পরিবারসহ মহিলা সমিতিতে নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫২ এএম
শিশুতোষ নাটক “কবি চিতাবাঘ” দেখতে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নাটকটি উপভোগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে মহিলা সমিতি মঞ্চে উপস্থিত হন এবং নাটক উপভোগ করেন।
এর আগে ৩ এপ্রিল তিনি মেয়েকে নিয়ে ধানমন্ডির জিগাতলা এলাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে একটি সিনেমা দেখতে যান। সেদিন তারা সন্ধ্যার প্রদর্শনী উপভোগ করেন।
এবার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে হঠাৎ প্রধানমন্ত্রী ও তার পরিবারের আগমনে দর্শক ও শিশু শিল্পীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই করতালি দিয়ে তাদের স্বাগত জানান।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই পরিবারসহ নাটক দেখতে যান। নাটক চলাকালীন তিনি দর্শকদের সঙ্গে বসে পুরো পরিবেশ উপভোগ করেন এবং পরে শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।
শিশুতোষ এই নাটকটি শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হয়। নাটকের গল্প তৈরি করেন নওশিন আফসানা বৃষ্টি এবং নাট্যরূপ দেন তপু চন্দ্র দাস।