আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে মুক্ত ও গ্রহণযোগ্য করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যৌথ প্রচেষ্টার মাধ্যমে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই সব ধরনের প্রোপাগান্ডা ব্যর্থ হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
কৃষি বিষয়ে তিনি বলেন, “চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের আশা করছি। সারের কোনো সংকট নেই, দামও বাড়ানো হবে না। সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে।”
তিনি আরও জানান, কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ২০৫০ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মালিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাক্টিং কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেকসহ জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা।
পরে উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা–২০২৫ উদ্বোধন করেন এবং বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন।