অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান বলেন, “আমি নির্বাচন করব। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির কাছে মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।” তিনি আরও জানান, নির্বাচনে অংশ নিতে যথাসময়ে তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।
এ সময় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় নিয়েও তিনি মন্তব্য করেন। আসাদুজ্জামান বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়টি একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে দেয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই রায় প্রদান করা হয়েছে, তাই এটি থাকা উচিত নয়।”
তিনি আরও দাবি করেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক এই রায়ের মাধ্যমে দণ্ডবিধির ২১৯ ধারার আওতাভুক্ত অপরাধ করেছেন। কারণ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার পরিবর্তে তিনি রাজনৈতিক স্বার্থে রায় দিয়েছেন।
সূত্র জানায়, মো. আসাদুজ্জামান বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা হয়নি।