সেনানিবাসে খালেদা জিয়া-প্রধান উপদেষ্টার একান্ত আলাপ, কী কথা হলো?

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সেনানিবাসে পৌঁছান। বিকেল ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হওয়া খালেদা জিয়া সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সেনানিবাসে পৌঁছানোর পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট আলাপ করেন। তবে আলাপের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন পার্শ্বসাইডে প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের মধ্যে পারস্পরিক সৌজন্য বিনিময় হয়। প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। জবাবে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থা জানার পাশাপাশি তার সুস্থতা কামনা করেন এবং ধন্যবাদ জানান।

এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন। আগেই শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে সেনানিবাসে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরা—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ—ও অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, গত বছরও খালেদা জিয়া সেনানিবাসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970