হাসিনা–কামালকে ফেরাতে আবারও ভারতকে চিঠি পাঠাল বাংলাদেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

হাসিনা–কামালকে ফেরাতে আবারও ভারতকে চিঠি পাঠাল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (২৩ নভেম্বর) নিজ দফতরে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধপত্র পাঠানো হয়েছে।

এর আগে ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, খুব শিগগিরই ভারতকে চিঠি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় চিঠি পাঠানো হলো।

গত জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অন্য একটি অভিযোগে হাসিনাকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের সাজা দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রীর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। দেশে তার বিরুদ্ধে শতাধিক হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।

শুধু শেখ হাসিনা নয়—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ তৎকালীন সরকার ও আওয়ামী লীগের বহু নেতা–মন্ত্রী, আমলা এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বলে সরকার জানিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970