শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না: পররাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের বহু দেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আছে—ভারতের সঙ্গেও তা বিদ্যমান। তবে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, “তিস্তার পানি হোক বা সীমান্ত হত্যা—এসব ইস্যু শেখ হাসিনা প্রত্যর্পণের মতোই চলমান ইস্যু। একটি আরেকটির ওপর নির্ভরশীল নয়। ফলে দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অব্যাহতভাবেই থাকবে।”
দেশের স্বার্থ উদ্ধারে সরকারের প্রচেষ্টা আগের মতো চলবে জানিয়ে তিনি বলেন, “কত সময় লাগবে জানি না, কিন্তু আমরা চাই দণ্ডিত ব্যক্তিদের ফেরত দেওয়া হোক, যাতে তাদের সাজার রায় কার্যকর করা যায়।”
দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি ভারতে আছেন বলে জানা থাকলেও এ বিষয়ে দিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। প্রত্যর্পণ নিয়ে অফিসিয়াল আলোচনা এখনো হয়নি।
সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ–ভারত সীমান্ত বিশ্বে একমাত্র সীমান্ত, যেখানে যুদ্ধাবস্থা না থাকলেও হত্যা ঘটে। ঢাকা সবসময় এ ঘটনায় নিন্দা জানিয়ে আসছে।”
ভারতের সঙ্গে আগের সরকারের ‘উষ্ণ সম্পর্ক’ ছিল—এমন ধারণা নাকচ করে তৌহিদ হোসেন বলেন, দুই সরকারের মধ্যে যে সম্পর্ক ছিল, তা দিয়ে সীমান্ত হত্যা বা পানিবণ্টনের মতো মৌলিক সমস্যার সমাধান হয়নি। “দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না; বাহ্যিক সম্পর্ককে উষ্ণ বলা যায় না,” মন্তব্য করেন তিনি।