ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সম্মতি ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব নয়। তিনি স্পষ্টভাবে জানান, দিল্লি রাজি না হলে “কিছুই করার নেই”।
বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না—সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন বলেন, “আমরা কি করতে পারি বলুন? করণীয় বলতে তেমন কিছু নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর। রাজি না হলে কিছু করার নেই। আমরা কেবল চেষ্টা চালিয়ে যেতে পারি।”
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারত আশ্রয় নেন- এ তথ্যও সরকারিভাবে জানানো হয়।
প্রতিবেদনের দাবি অনুযায়ী, আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ের পর বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠায়। তবে নয়াদিল্লি এখনো কোনো সাড়া দেয়নি।