গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
রাশেদ খান বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে আমাদের সঙ্গে ছিল আসিফ। সে আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং তখন বহু নির্যাতনের শিকার হয়েছে।”
তিনি আরও জানান, আসিফের সঙ্গে আলোচনা চলছে এবং গণঅধিকার পরিষদে তাকে সম্মানজনক একটি পদ দেওয়া হবে। “আমরা তাকে দলে ফেরাতে চাই—এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে।”
এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, “নির্বাচনে অংশ নেব—এটা নিশ্চিত। কোন দল থেকে লড়ব, পরে জানাব।”
রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে—তিনি ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) আসন থেকে নির্বাচন করতে পারেন। এ আসনে ইতোমধ্যে তিনি ভোটার হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হন—যাদের একজন ছিলেন আসিফ মাহমুদ। তিনি প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।