পাল্লার মাপে কম-বেশি করবো না, যার যা অধিকার বুঝিয়ে দেবো: ডা. শফিকুর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা- এই পাল্লার মাপে কোনো কম-বেশি করা হবে না। যার যে অধিকার, তা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশন ঘোষণার প্রতিশ্রুতিও দেন।

ডা. শফিকুর রহমান বলেন, মামলা বাণিজ্য বিচার ব্যবস্থাকে ধ্বংস করার শামিল। জুলাই আন্দোলনের পর হাজার হাজার আসামি দিয়ে মামলা করে মানুষকে হয়রানি করা হচ্ছে। জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার থাকলেও মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এ নীতির অংশ হিসেবেই জামায়াতে ইসলামী মাত্র আটটি মামলা করেছে, যেখানে আসামির সংখ্যা সর্বোচ্চ ৯৮ জন।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের গায়ে হাত তোলা হচ্ছে—এই দুই বিষয় একসঙ্গে চলতে পারে না। এতে স্পষ্ট বার্তা যায়, তারা ক্ষমতায় গেলে কেউ নিরাপদ থাকবে না।

যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা এবং যশোরের বিভিন্ন সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা জনসভায় বক্তব্য রাখেন।

এর আগে জামায়াতে ইসলামীর এই জনসভাকে কেন্দ্র করে যশোরে বিপুল জনসমাগম ঘটে। ভোররাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ৮টার পর পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970