‘শেখ হাসিনার পর এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে। তবে এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিয়ে তারা তার নাম নেয়—এমন মন্তব্য করে তিনি বলেন, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেওয়াই উচিত।
ঢাকা-৮ আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে এমন কিছু করার চেষ্টা হচ্ছে যাতে সারাদেশের ভোট বন্ধ হয়ে যেতে পারে। তবে বিএনপি এখনো ধৈর্য ধরে পরিস্থিতি সহ্য করছে। ধৈর্যের বাঁধ ভাঙলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।
মির্জা আব্বাস আরও বলেন, এই নির্বাচন কেউ দান করে দেয়নি। কেউ কেউ দাবি করছে ৫ আগস্টেই সবকিছু হয়ে গেছে, অথচ গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, তা তারা ভুলে যাচ্ছে। শেখ হাসিনা পালানোর পর বিএনপির ভালো থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
একটি দল ৪০ লাখ বোরকা অর্ডার করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে।
এ সময় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, ভোটের পর ১২ ঘণ্টার বেশি সময় ফল ঘোষণা করতে দেরি হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্টকে কেন্দ্র না ছাড়ার নির্দেশ দেন।