এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফি) বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ২০১৯ সালে রোকেয়া হল সংসদ নির্বাচনে পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় আনা হবে এবং সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
জাতীয় নাগরিক পার্টি তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছে। শোকবার্তায় দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাফিয়া সুলতানা (রাফি) একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন, তার অকাল প্রয়াণ দলের জন্য অপূরণীয় ক্ষতি।