ব্যবসায়ীকে বালুতে পুঁতে চাঁদাবাজি, বিএনপি নেতা জনিসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

ব্যবসায়ীকে বালুতে পুঁতে চাঁদাবাজি, নেতা জনিসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে বুকসমান বালুতে পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনিসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন খান যশোরের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

চার্জশিটে প্রধান অভিযুক্ত আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি তার পদ স্থগিত করে। তিনি নওয়াপাড়া নৌবন্দর এলাকার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

এ মামলায় জনির বাবা কামরুজ্জামান মজুমদারসহ আরও আটজনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য আসামিরা হলেন—কামরুজ্জামান মিঠু, এনায়েত হোসেন শান্টু, বায়েজিদ হোসেন তরফদার, মারুফ হাসান তুহিন, রুহুল আমিন, সম্রাট হোসেন বাবু, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং সৈকত হোসেন হিরা।

তদন্ত কর্মকর্তা জানান, গত ৩ আগস্ট ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। শুরুতে ছয়জনকে আসামি করা হলেও তদন্তে আরও চারজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। অভিযোগের সত্যতা পাওয়ায় মোট ১০ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আসামি সৈকত হোসেন হিরা কৌশলে ব্যবসায়ী টিপুকে আসাদুজ্জামান জনির অফিসে নিয়ে যান। সেখানে তাকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরে তার স্ত্রী সাউথ বাংলা ব্যাংকের মাধ্যমে আরটিজিএস পদ্ধতিতে জনির প্রতিষ্ঠানের হিসাবে দুই কোটি টাকা পাঠালে সেদিনই তাকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ১৮ সেপ্টেম্বর আবারও ব্যবসায়ী টিপুকে অপহরণ করা হয়। চিলিশিয়া গ্রাম থেকে বাজারে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার গতিরোধ করা হয়। পরে তাকে জনির মালিকানাধীন ‘কণা ইকো পার্কে’ নিয়ে গিয়ে মারধর করা হয় এবং বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালুতে পুঁতে প্রাণনাশের হুমকি দিয়ে আরও দুই কোটি টাকা দাবি করা হয়। একপর্যায়ে তার ব্যবস্থাপকের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে মোট এক কোটি টাকা আরটিজিএসের মাধ্যমে আদায় করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এই চার্জশিট দাখিল করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970