ভোলায় যুবদল-শ্রমিক দলের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে শশীগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় হাসপাতালের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটনের গ্রুপ এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজানের নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)। এদের মধ্যে আল-আমীনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন অভিযোগ করে বলেন, অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়। পরে নিজের পাওনা বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে এবং মঙ্গলবার তার ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ইকবাল হোসেন লিটন দক্ষিণ বাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং তাদের পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970