রাজশাহীতে ট্রায়ালের নামে গাড়ি নিয়ে ‘উধাও’ সেই যুবদল নেতাকে বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ট্রায়ালের নামে গ্যারেজ থেকে একটি গাড়ি নিয়ে উধাও হওয়ার অভিযোগে যুবদলের মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এস এম সফিক মাহমুদ তন্ময়কে বহিষ্কার করেছে সংগঠনটি।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এর আগে ভুক্তভোগী গ্যারেজ মালিক নূর আহমেদ অভিযোগ করেন, ট্রায়ালের কথা বলে এস এম সফিক মাহমুদ তন্ময় একটি জিপ গাড়ি নিয়ে উধাও হয়েছেন। রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ প্রকাশ্যে আনেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরপরই যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এস এম সফিক মাহমুদ তন্ময়কে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে জানানো হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

তবে বহিষ্কৃত যুবদল নেতা তন্ময় অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গাড়িটি তার কেনা এবং ট্রায়ালের নামে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, ‘এখনো এফিডেভিট করা হয়নি। দল থেকেও আমাকে শোকজ করা হয়নি। হঠাৎ বহিষ্কারের বিষয়টি দেখলাম। সমস্যা নেই, সবকিছুই প্রমাণ হবে।’

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তন্ময়ের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত, গ্যারেজ মালিক নূর আহমেদের অভিযোগ, গত ১৮ নভেম্বর বিকেলে ঢাকা মেট্রো গ-০২-০৮৭০ নম্বরের একটি জিপ পছন্দ হওয়ায় ছয় লাখ টাকা দামে কেনার কথা বলে ট্রায়ালের জন্য গাড়িটি নেওয়া হয়। এরপর আর গাড়িটি ফেরত দেওয়া হয়নি। গত ১৪ ডিসেম্বর রাজপাড়া থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে ২২ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের পাশাপাশি বিষয়টি মহানগর বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970