স্বতন্ত্র ও জামায়াতকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না: বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভোটকেন্দ্রের আশপাশেও ভিড়তে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির নেতা কামরুজ্জামান হীরা। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমরিয়া বাজারে আয়োজিত এক দোয়া মাহফিলে এ বক্তব্য দেন তিনি। এ সময় দেওয়া তার বক্তব্যের প্রায় ৩ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে কামরুজ্জামান হীরাকে বলতে শোনা যায়, ‘কেন্দ্র থেকে আওয়ামী লীগই আমাকে সরাতে পারেনি, এখন তো আওয়ামী লীগের নামই নেই। কিসের স্বতন্ত্র আর কিসের জামায়াত—তাদেরকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না, ইনশাআল্লাহ।’

চরকুমরিয়া ভোটকেন্দ্রকে বিএনপির দুর্গ দাবি করে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এ কেন্দ্রটিতে বিএনপি ধারাবাহিকভাবে বিজয় অর্জন করে আসছে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকারকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এখান থেকেই বিজয়ী করেছিলেন বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে আসন্ন নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজয় অর্জনের ঘোষণা দেন কামরুজ্জামান হীরা।

তিনি ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে বিপুল ভোটে জয়ী করার প্রতিশ্রুতি দিয়ে তাকে বড় মাপের নেতা হিসেবে উল্লেখ করেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কামরুজ্জামান হীরার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এ বক্তব্যের দায় দল নেবে না।

এদিকে ভোটকেন্দ্র দখল ও প্রতিপক্ষকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকিতে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিতাস উপজেলার ভোটাররা সুষ্ঠু, নিরপেক্ষ ও ভীতিহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। বিএনপি নেতার এমন বক্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী কি না, তা নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970