নির্বাচনি প্রচারণার শুরুতেই চট্টগ্রামে প্রার্থীর গাড়িতে হামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নির্বাচনি প্রচারণা শুরুর দিনেই ইসলামিক ফ্রন্ট মনোনীত এক প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন সিরাজউদ্দৌলা রোডের সাব-এরিয়া এলাকায় এই হামলা হয়।

হামলায় বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্টের মনোনীত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের প্রার্থী ওয়াহেদ মুরাদ (চেয়ার প্রতীক) বহনকারী পাজেরো জিপের সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেননি প্রার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফির বাসভবন থেকে মোমিন রোডে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ওয়াহেদ মুরাদের গাড়িটি দিদার মার্কেট ও সাব-এরিয়া এলাকার মাঝামাঝি পৌঁছালে হঠাৎ দুষ্কৃতকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গাড়ির সামনের কাচের একাংশ ভেঙে যায়। বড় ধরনের হামলার আশঙ্কায় গাড়ি না থামিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।

ওয়াহেদ মুরাদ জানান, ঘটনার সময় গাড়িতে তার সঙ্গে ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আখতারি, প্রচার সম্পাদক মাস্টার আবুল হোসাইন এবং নগর (দক্ষিণ) শাখার সাবেক সভাপতি গিয়াস উদ্দীন নিজামী উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি রিটার্নিং কর্মকর্তা ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970