ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:১২ এএম

ছবি: সংগৃহীত

ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী হলেও বাবা প্রচার চালাচ্ছেন বিএনপির পক্ষে—এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাজফুজ আলমের ভাই। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান প্রকাশ্যে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন।

জানা গেছে, মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তার বাবা আজিজুর রহমান ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বিএনপির প্রার্থীর সঙ্গে ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত ১৮টি পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিষয়টি স্বীকার করে আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, পরিবার তার ব্যক্তিগত বিষয় হলেও রাজনীতি তার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তবে বাবা হিসেবে তিনি ছেলের জন্য দোয়া করছেন বলেও জানান।

এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং সাংবাদিকদের তার বাবার সঙ্গেই কথা বলার অনুরোধ জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ আসনে ভোটের মাঠে কৌতূহল ও আলোচনা আরও বেড়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970