জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে: কৃষ্ণ নন্দী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম
খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দেশে নিরাপদ ও সম্মানিত অবস্থানে থাকবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষ্ণ নন্দী বলেন, “অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই—জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে।”
সভায় বক্তব্যকালে তিনি ইঙ্গিতপূর্ণভাবে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে উদ্দেশ করে অভিযোগ করেন, ভোট কেনার জন্য চাঁদাবাজির অর্থ ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো অর্থের বিনিময়ে ভোট কেনার রাজনীতিতে বিশ্বাস করে না।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমরা বিকাশ বা অন্য কোনো মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি করি না। ভোট হাটে-বাজারের গরু-ছাগলের মতো কেনাবেচা করা উচিত নয়।” এ সময় তিনি ভোটারদের অর্থের বিনিময়ে ভোট না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “টাকার কাছে মানুষের বিবেক বিক্রি হতে পারে না।” আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।