কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।
শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমেশ চন্দ্র সেন পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্যও ছিলেন।