নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ আসনে বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় নির্বাচনী মাঠে সক্রিয় থাকা এই প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুন নুর বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি সমর্থনের ঘোষণা দেন। তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুরের নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুন নুর বলেন, নির্বাচন শুরুর আগ পর্যন্ত তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন এবং ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। এ জন্য তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জনগণ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এদিকে প্রার্থিতা প্রত্যাহারের পেছনে নিজের জীবনের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন আব্দুন নুর। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলের সঙ্গে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁকে নিয়মিত হুমকি দিয়ে আসছেন। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
নিজের আশঙ্কার কথা জানিয়ে আব্দুন নুর বলেন, তিনি লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বা ‘টার্গেট কিলিং’-এর শিকার হতে পারেন। তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ রাজনৈতিক নেতা।