সিরাজগঞ্জে আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের সোরহাব আলী প্রামাণিকের বসতবাড়ির দক্ষিণে অবস্থিত সরকারি পাঁচ বিঘা খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একদিকে ছিলেন আওয়ামী লীগ সমর্থক আছমত আলী, অন্যদিকে ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। প্রায় ১৫-১৬ বছর ধরে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন আছমত আলী। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি সমর্থিত আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নেন এবং মাছ চাষ শুরু করেন।
ঘটনার দিন সকালে আবু বক্কর সিদ্দিক তার সমর্থকদের নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ইসমাইল হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং আব্দুস সালামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী দাবি করেন, নিহত দুইজন বিএনপির সমর্থক ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।