বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল, সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা কার্যকর করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকালে ওই মাঠে ইফতার মাহফিল আয়োজনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন গত সংসদ সদস্য নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দল থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজের পক্ষের নেতাকর্মীরা। একই সময় ও একই স্থানে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

একই স্থানে ও একই সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ইফতার মাহফিল আয়োজনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে উপজেলা প্রশাসন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। এর ফলে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির পর এলাকায় মাইকিং করা হয়েছে এবং ইফতার মাহফিলের জন্য তৈরি করা প্যান্ডেলও খুলে ফেলা হয়েছে। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কেউ অবস্থান করছেন না।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, একই স্থানে দুই পক্ষের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার ১৪৪ ধারা জারি করেন। পরে শহরজুড়ে মাইকিং করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970