খাগড়াছড়ির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানা উন্মোচন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ইউপিডিএফ ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী, পুরুষ ও শিক্ষার্থীদের সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করে, যাতে অভিযানের কার্যক্রম ব্যাহত হয়। সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইউপিডিএফ ও এর অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে স্থানীয় জনগণ, নারী ও স্কুলগামী শিশুদের ব্যবহার করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের খুঁজে বের করতে সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এই অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970