বিয়ের ৪০ দিনেই নিভে গেল সুখের সংসার, সাপের ছোবলে প্রাণ হারালেন নববধূ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
চট্টগ্রামের চন্দনাইশে বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় সাপের কামড়ে এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ময়নার বাপের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (১৮) ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।
নিহতের ভাসুর সেলিমুল্লাহ জানান, রাতে রান্নার জন্য জ্বালানি কাঠ আনতে ঘরের পাশের লাকড়ির স্তূপে যান রহিমা বেগম। লাকড়ি ধরতেই সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। এরপর তিনি শরীরে তীব্র যন্ত্রণা অনুভব করলে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
পরে স্বজনরা দ্রুত তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রহিমা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।