সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে এ ঘটনা ঘটে।
বিষয়টি বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নিশ্চিত করেন সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন। ঘটনার পর বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
জামতৈল স্টেশন মাস্টার আবু হান্নান জানান, ট্রেনের ইঞ্জিন লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কেউ আহত না হলেও ট্রেনের কিছু অংশে সামান্য ক্ষতি হয়েছে। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, তিনি ঘটনাটি পরে জেনেছেন। যেহেতু বিষয়টি রেলওয়ের আওতাধীন, তদন্তের বিস্তারিত জিআরপি থানা জানাতে পারবে।