লক্ষ্মীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম

তৌহিদুল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়নকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয়নকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেন এবং সব পর্যায়ের নেতাকর্মীদের তাকে সাংগঠনিকভাবে বর্জনের নির্দেশ দেন।

তবে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বাবু জানান, নয়নের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি। তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে নয়নকে ফাঁসিয়েছে। তিনি আরও জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের কাছে একটি প্রতিবেদন পাঠানো হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাটে বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে কোস্টগার্ড স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970