আমাকে হারাতে জেলা বিএনপির বাজেট ১০০ কোটি টাকা: বিএনপির প্রার্থী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন যে তাকে হারাতে জেলা বিএনপির পক্ষ থেকে ১০০ কোটি টাকার বাজেট করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ওনারা ব্যাংকার দিয়ে রাজনীতি করাবে, কন্ট্রাক্টর দিয়ে নির্বাচন করাবে। ভিপি নূরকে দিয়ে নির্বাচন করাতে চেয়েছিল, টাকা দিতেও রাজি ছিল। নূর রাজি না হওয়ায় এবার রুহুল আমিন হাওলাদারকে ধরেছে। আমাকে হারাতে ১০০ কোটি টাকার বাজেট করেছে।”
তিনি আরও দাবি করেন, “রুহুল আমিন হাওলাদার কীভাবে নির্বাচন করবে? তার বিরুদ্ধে নানা মামলা, এমনকি মার্ডার কেসও আছে একটাতেও জামিন নেই।”
আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির দুর্দিনে যারা এগিয়ে ছিল, জেল-জুলুম সহ্য করেছে, তারাই দলকে বিজয়ের পথে নিয়ে যাবে। তিনি অনুপস্থিত নেতাকর্মীদেরও জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “আপনারা বিএনপির লোক ধানের শীষের লোক। সবাই মিলে নির্বাচন করি, দলকে জিতিয়ে আনি।”
বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য “বাস্তবতার সঙ্গে মিল নেই” এবং “দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” তিনি আরও অভিযোগ করেন, জনসভায় দেওয়া তার মন্তব্য জেলা বিএনপির নির্বাচিত নেতাদের প্রতি কটাক্ষ।
তিনি বলেন, “তার সব অভিযোগই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। জেলা বিএনপি কখনো বিভক্ত ছিল না, এখনো নেই ভবিষ্যতেও থাকবে না।”
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি সাংবাদিকদের বলেন, “তার বয়স ৮৮ বছর অনেক সময় খেই হারিয়ে ফেলেন, দলের বিরুদ্ধে কথা বলে ফেলেন। এটা সংগঠনবিরোধী।” তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয় অফিসে জানানো হবে।
৩ নভেম্বর গুলশানে অনুষ্ঠিত বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেন। পটুয়াখালী-১ আসনে মনোনীত হন আলতাফ হোসেন চৌধুরী, যিনি এরপর থেকেই মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।