খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
হিন্দু-অধ্যুষিত খুলনা-১ আসন (দাকোপ–বটিয়াঘাটা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় তার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জামায়াতের স্থানীয় নেতাকর্মী এবং কৃষ্ণ নন্দী নিজেও তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত সপ্তাহ থেকেই তাকে এ আসনে প্রার্থী করা হতে পারে- এমন গুঞ্জন চলছিল। তিনি বর্তমানে জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।
স্থানীয়ভাবে জানা যায়, কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায়, যেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাজনৈতিক জীবনের শুরুর দিকে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
গণঅভ্যুত্থানের পর তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। পরে তাকে নিয়মিতভাবে জামায়াতের সভা-সমাবেশে বক্তব্য দিতে এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করতে দেখা যায়।
কৃষ্ণ নন্দী বলেন, “অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে।”
নির্বাচনে জয়ের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং জানান, আগামীকাল থেকেই মাঠে প্রচারণা শুরু করবেন।