রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে, এবং প্রতিটি আইপির মাধ্যমে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যারা রফতানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, তারাই শুধু পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে একজন আমদানিকারক একবারই আবেদন করতে পারবেন।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আমদানি কার্যক্রম চলমান থাকবে বলে জানায় মন্ত্রণালয়।