ইসরায়েলি বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তের কাছাকাছি বসবাসরত বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, তারা নিরাপত্তাজনিত কারণে দ্রুত এলাকা খালি করুক। শুক্রবার ভোরে বার্তা আদান-প্রদানের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, লেবানন সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা শহর ও বসতির বাসিন্দারা যেন দ্রুত এলাকা ছাড়েন। হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের সার্বভৌমত্বে আঘাত, বেসামরিক স্থাপনা ধ্বংস এবং সাধারণ মানুষকে উচ্ছেদের যে কোনো চেষ্টা তারা সহ্য করবে না।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। হামলার আগে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার কারণে এলাকা ত্যাগ করতে বলা হয়। ওই অঞ্চলকে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে ইরানি শাসনের অবকাঠামো লক্ষ্য করে বড় আকারের হামলা শুরু করেছে।