লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরাইলি সেনা নিহত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরাইলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ভোরে স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।
ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজন সার্জেন্ট মাহের খাতার (৩৮)। তিনি ৯১তম ‘গ্যালিলি’ আঞ্চলিক ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। নিহত দ্বিতীয় সেনা সদস্যের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের একটি পোস্টের কাছে এই হামলার ঘটনা ঘটে। পোস্টটি ইসরাইলের সীমান্তবর্তী মানারা এলাকার বিপরীতে অবস্থিত।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সামরিক অভিযান চলাকালে তাদের একটি সাঁজোয়া যান আটকে পড়ে। সেটি উদ্ধারের জন্য আরেকটি পুমা সাঁজোয়া যান এবং দুটি ডি–৯ সাঁজোয়া বুলডোজার পাঠানো হয়।
এর মধ্যে একটি ডি–৯ বুলডোজার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, এটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র অথবা মর্টারের আঘাত ছিল। এতে বুলডোজারটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই দুই সেনা নিহত হন। এ ঘটনায় এক কর্মকর্তা সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।
এর আগে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় গত ২ মার্চ ইসরাইলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে স্থল অভিযানসহ ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
এদিকে রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন এক হাজার ১৩০ জন।
সূত্র: টাইমস অব ইসরাইল, আল জাজিরা