ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম
ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মিত্র দেশগুলো সহায়তা না করলে সামরিক জোটের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী সুরক্ষিত রাখতে মিত্র দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানান তিনি। এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ওই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করে দেয় ইরান।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেমন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিয়েছে, তেমনি হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ইউরোপও এগিয়ে আসবে বলে তিনি আশা করছেন। প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, যদি মিত্রদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না আসে কিংবা তারা সহায়তা পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে তা সামরিক জোটের ভবিষ্যতের জন্য অত্যন্ত নেতিবাচক হবে। দীর্ঘদিন ধরেই তিনি অভিযোগ করে আসছেন, এই সামরিক জোটটি অনেকটাই যুক্তরাষ্ট্রের অর্থের ওপর নির্ভরশীল হয়ে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী থেকে যেসব দেশ সুবিধা পায়, তাদেরই সেখানে কোনো ধরনের অঘটন না ঘটে তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।
কী ধরনের সহায়তা প্রয়োজন—এ প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সমুদ্রের মাইন অপসারণকারী জাহাজের পাশাপাশি এমন লোকজন প্রয়োজন, যারা ইরানের উপকূলে থাকা ক্ষতিকর শক্তিকে সরিয়ে দিতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী সুরক্ষার বিষয়ে ইতিমধ্যে সাতটি দেশের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে ইরানের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সংঘাতের অবসান ঘটাতে তেহরান আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
এদিকে বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ব তেলবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ঝুঁকির কারণে গত দুই সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।