ভোটকেন্দ্রে থাকবে বিশেষ ব্যানার, প্রচারণা হবে গণভোটের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের সচেতন করতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দিয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার স্থাপনের।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী সংবিধানের কিছু প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাই করার জন্য এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে ব্যানার দৃশ্যমান স্থানে রাখা বাধ্যতামূলক।
ইসি জানিয়েছে, ব্যানারগুলো পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি করতে হবে। ব্যানারে থাকবে ৮০% প্রাকৃতিক কটন ও ২০% ভিসকস মিশ্রিত ফেব্রিক। প্রতিটি ব্যানারের মাপ হবে ৩ × ৫ ফিট, সঙ্গে থাকবে পিভিসি পাইপ ও ঝুলানোর হুক। ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয়ভাবে ব্যানার মুদ্রণ করতে হবে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুযায়ী। ই-জিপি পোর্টালে ক্রয় পরিকল্পনা প্রকাশ করতে হলেও বিশেষ প্রেক্ষাপটে অফলাইনে ক্রয় কার্যক্রমও করা যাবে। দেশের সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।
ইসি নির্দেশ দিয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০২৫-এর পর বিপিপিএর আদর্শ দরপত্র দলিল ব্যবহার করে ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বা দৃশ্যমান স্থানে এই ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক।