ট্রেন-মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের সাধারণ শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং ৬৫ বছর ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেলপথে যাতায়াতে বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে মেট্রোরেলসহ দেশের সব ধরনের আন্তঃনগর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এই তিন শ্রেণির যাত্রী মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক নাগরিকদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, যারা শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছর ঊর্ধ্ব বয়স্ক এবং শিক্ষার্থী- তাদের জন্য আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর করা হবে। তবে এ সুবিধা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এই বিশেষ ছাড় পেতে যাত্রীদের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। একইভাবে বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি ও জ্যেষ্ঠ নাগরিকদের সরকারি দপ্তর থেকে ইস্যুকৃত পরিচয়পত্র বা প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। টিকিট কাউন্টার থেকে সরাসরি কিংবা অনলাইন ব্যবস্থার মাধ্যমে দ্রুত এই সুবিধা চালুর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে নির্দিষ্ট কিছু ট্রেনে সীমিত পরিসরে ছাড়ের ব্যবস্থা থাকলেও এবারই প্রথম মেট্রোরেলকে এ সুবিধার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্ত নগর পরিবহনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970