দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে। ওই দিনই উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আগের দিন শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেখানে শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সে অনুযায়ী আগেই ধারণা করা হচ্ছিল, বাংলাদেশে ঈদ শনিবার হতে পারে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু ও ঈদ উদ্‌যাপন করা হয়।

এবার ঈদ উদ্‌যাপন নিয়ে মুসলিম বিশ্বে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ইতোমধ্যে আফগানিস্তান, নাইজার ও মালিতে ঈদুল ফিতর পালিত হয়েছে। একইভাবে চাঁদপুরের একটি গ্রামেও ঈদ উদ্‌যাপনের খবর পাওয়া গেছে, তবে সেখানে ঈদের জামাতে অংশ নেন মাত্র সাতজন মুসল্লি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970