দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যানাপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার কাজল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনার জন্য গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরে তাকে টিম লিডার করে আইনি সহায়তা বিষয়ক সাব-কমিটি গঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি কিছু সময় সাংবাদিকতা কাজেও যুক্ত ছিলেন।
শিক্ষাজীবনেও ব্যারিস্টার কাজল মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হয়েছেন। ১৯৮৬ সালে যশোর বোর্ড থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান অর্জন করেন। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ১৯৯৪ সালে এলএলএম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে সিটি ইউনিভার্সিটি থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। একই বছরে লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এট-ল' সনদ অর্জন করেন তিনি।