সকাল ৯টায় শুরু হবে বৈশাখী শোভাযাত্রা, নতুন বছর বরণে প্রস্তুত চারুকলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে মোরগ, হাতি, দোতারা ও ঘোড়াসহ নানা প্রতীকী মোটিফ। শেষ মুহূর্তে চলছে রঙের কাজ ও সাজসজ্জা।

শোভাযাত্রা আয়োজন কমিটির সদস্য অধ্যাপক ইসরাফিল রতন জানিয়েছেন, প্রস্তুতির অধিকাংশ কাজ শেষ পর্যায়ে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে শোভাযাত্রার জন্য এসব শিল্পকর্ম গাড়িতে তোলা হবে।

এবারের পয়লা বৈশাখ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রা প্রধান আকর্ষণ হিসেবে থাকবে। নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান’।

চারুকলা অনুষদ প্রাঙ্গণে শিল্পীদের তুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে বিভিন্ন মুখোশ ও প্রতীকী শিল্পকর্ম। পাশাপাশি তৈরি হচ্ছে মাটির পুতুল, সরা এবং জলরঙের চিত্রকর্ম, যেখানে ফুটে উঠছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি।

অনুষদের দেয়ালজুড়ে আঁকা হয়েছে গ্রামীণ জীবন ও লোকজ সংস্কৃতির নানা দৃশ্য। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে প্রতিদিনই চারুকলায় ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা।

নির্ধারিত সময় অনুযায়ী বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদের ৩ নম্বর উত্তর গেট থেকে শুরু হবে। সকাল ৮টা থেকে শুরু হবে প্রস্তুতিমূলক কার্যক্রম। শোভাযাত্রাটি শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলায় ফিরে এসে শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে অন্য সব প্রবেশপথ বন্ধ থাকবে এবং পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ক্যাম্পাসে মুখোশ পরে প্রবেশ নিষিদ্ধ থাকবে, তবে শোভাযাত্রার জন্য তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। ব্যাগ বহন, বেলুন, ফেস্টুন, আতশবাজি ও ভুভুজেলা বাঁশি নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নববর্ষের দিন সব আয়োজন বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে। পরে ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে, শুধু বের হওয়া যাবে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সিসি ক্যামেরা, আর্চওয়ে ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970