প্রধানমন্ত্রী না থাকলে আমরা সংসদে বক্তা খুঁজে পাই না: চিফ হুইপ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম
জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত না থাকলে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার আগ্রহ কমে যায় বলে জানিয়েছেন প্রধান হুইপ নূরুল ইসলাম মণি।
সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার ও প্রধান হুইপের মধ্যে আলোচনার সময় এ বিষয়টি সামনে আসে।
অধিবেশন চলাকালে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম বক্তা হিসেবে ঘোষণা করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এতে স্পিকার প্রধান হুইপকে প্রশ্ন করেন, তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন সদস্যদের বক্তব্য পাওয়া যাচ্ছে না।
জবাবে প্রধান হুইপ বলেন, তালিকাভুক্ত সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় অনেক সদস্য বক্তব্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদের প্রাণ। তিনি উপস্থিত থাকলে সদস্যরা বক্তব্য দিতে আগ্রহী হন, আর অনুপস্থিত থাকলে বক্তা পাওয়া কঠিন হয়ে পড়ে।
এ সময় লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে জানান, এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। পরে স্পিকার তাকে বসতে বলেন এবং পরবর্তীতে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
অধিবেশনে প্রথম সারিতে কমসংখ্যক মন্ত্রী উপস্থিত থাকায় স্পিকার অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের এলাকার সমস্যা তুলে ধরার সময় মন্ত্রীদের উপস্থিত থাকা প্রয়োজন।
জবাবে প্রধান হুইপ জানান, কিছু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।